টেকনাফ-সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
- আপডেট সময় : ০১:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
- / 130
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর টেকনাফ থেকে ৬১০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন গেল পর্যটকবাহী দুইটি জাহাজ এমভি পারিজাত ও এমভি রাজহংস।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ দুটি ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে জাহাজগুলো দ্বীপে পৌঁছার কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার এ মৌসুমে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমোদন দেয় প্রশাসন। সর্বশেষ গত ৩১ মার্চ টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করেছিল।
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, ‘চলতি পর্যটন মৌসুমে দীর্ঘ প্রতিক্ষার পর প্রশাসনের অনুমতি নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এমভি পারিজাত ও এমভি রাজহংস নামের দুটি জাহাজ ৬১০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আগামীকাল শনিবার থেকে অন্য জাহাজগুলো চলাচল করবে।’
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, সন্ধ্যায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশের কিছু শর্তসাপেক্ষে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে। পরে অন্য জাহাজগুলো টেকনাফ-সেন্টমাটি চলাচল করতে পারবে।
উল্লেখ্য, নাফ নদে নাব্যতা সংকট ও মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণ দেখিয়ে চলতি পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখে প্রশাসন। এ কারণে টেকনাফ থেকে কোনও জাহাজ এতদিন সেন্টমার্টিন নৌপথে চলাচল করেনি।
বিডিসংবাদ/এএইচএস






















