ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন পার করল দেশ
- আপডেট সময় : ১০:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / 135
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ৩৬৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ২১০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৭৫৩ জন রোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৬ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ১৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ হাজার ৪৮১ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৪ হাজার ৪১২ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
এদের মধ্যে ৩৪ হাজার ৭৮১ জন ঢাকার এবং বাকি ১৯ হাজার ৬৩১ জন ঢাকার বাইরের বাসিন্দা।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস






















