ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি
- আপডেট সময় : ০৯:১৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 13
রাজধানীর একটি হাসপাতালে চলতি বছরের ২৯ জানুয়ারি সন্তান প্রসবের সময় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। ডোরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গর্ভাবস্থায় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন সংশ্লিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে তাঁর পরিবার এবং পরিচিত মহলে।
এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কনস্যুলেটের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় আয়োজিত কর্মসূচিতে একটি ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে চিকিৎসায় অবহেলার অভিযোগের স্বচ্ছ তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। ডোরার পরিবারের সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দ এ সময় স্পষ্টভাবে বলেন, “আমরা কোনো ধরনের প্রতিহিংসা চাই না; আমরা সত্য উদঘাটন ও ন্যায়বিচার চাই।”
পরিবারের সদস্যদের দাবি, হাসপাতালের যাবতীয় মেডিকেল রেকর্ড, চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীদের দায়বদ্ধতা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তে যদি কারও পেশাগত গাফিলতি প্রমাণিত হয়, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। ডোরার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংশ্লিষ্ট মহলগুলোর কাছে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন কমিউনিটি নেতারা।


















