দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে গেছেন হাসিনা: বরকত উল্লাহ বুলু
- আপডেট সময় : ০৮:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 7
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্লাহ বুলু এমপি মন্তব্য করেছেন যে, শেখ হাসিনার শাসনামলে দেশের পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক দলীয়করণ ও অনিয়মের চর্চা চলেছে, যার ফলে শিক্ষার সামগ্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাতির টেকসই উন্নয়নের জন্য মানসম্মত ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে আটকে রাখলে চলবে না; তাদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকল মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এই বিএনপি নেতা। তিনি মনে করেন, সঠিক দিকনির্দেশনা ও সম্মিলিত উদ্যোগই পারে শিক্ষার মান পুনরুদ্ধার করতে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মো. আহসান উল্লাহ, যুবদল নেতা শামসুতিব্রীজ স্বপন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সমাবেশে অংশ নেন।























