বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / 159
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আশুলিয়ার সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের আউকপাড়া এলাকায় ডাইনাস্টি সোয়েটার বিডি লিমিটেড কারখানার সামনে এই বিক্ষোভ করেন।
জানা যায়, প্রায় দেড় হাজারের বেশি শ্রমিকের কর্মসংস্থানের ওই কারখানাটি হঠাৎ বিক্রি করে দেয়া হয়। বিষয়টি শ্রমিকরা গত সোমবার জানতে পারেন।
শ্রমিকদের অভিযোগ, বিষয়টি জানতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেলে একেক সময় একেক কথা বলেন তারা। কখনো বলেন কারখানা বিক্রি করা হয়নি। আবার কখনো বলেন অর্ধেক বিক্রি হয়েছে। এসব কারণে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করলে বৃহস্পতিবার সকালে সুষ্ঠু সমাধান দেয়ার আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু বৃহস্পতিবার সকালে তারা গিয়ে দেখতে পান কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে।
আল-আমীন নামে এক শ্রমিক জানান, কর্তৃপক্ষ তাদের না জানিয়ে কারখানা বিক্রি করে দিয়েছে। তাদের আইনগত পাওনা না দেয়ার জন্য তারা কারখানা বিক্রির খবর গোপন করেছে।
শ্রমিক সালমা বলেন, ‘আমি প্রায় পাঁচ বছর এখানে চাকরি করছি। কারখানা বিক্রি করলে আমাদের পাওনা বুঝিয়ে বিক্রি করতে হবে। আমাদের পাওনা না দিয়ে কোনো রকম সিদ্ধান্ত না জানিয়ে কারখানা বিক্রি করেছে কর্তৃপক্ষ।’
কারখানার ম্যানেজার সাফিউজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
শিল্প পুলিশ-১-এর উপ-পরিদর্শক মোহাম্মদ রাশেদ বলেন, ‘শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়েছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিসহ কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাদের ভাষ্য, কারখানা বিক্রি হয়নি। কারখানা চালাতে না পেরে অংশীদার নিচ্ছেন বলে তারা জানান। তবে এ বিষয়ে আমরা নিশ্চিত কিছু বলতে পারবো না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
বিডিসংবাদ/এএইচএস


























