ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
কিশোরগঞ্জের ভৈরব বাজারে অবস্থিত সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গায় একটি ডায়াবেটিস হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভৈরবের বাদশাবিল-নয়াহাটি এলাকায় একটি নতুন রাস্তা উদ্বোধনের সময় সাংবাদিকদের কাছে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। জনস্বার্থে যা যা করা প্রয়োজন, তিনি তা করবেন।
প্রতিমন্ত্রী জানান, ভৈরব বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিটি সরকারি স্বাস্থ্য বিভাগের নামে বিএস রেকর্ডভুক্ত রয়েছে। সরকারি এই প্রতিষ্ঠানের জমি ব্যক্তিগত পর্যায়ে লিজ দেওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেছেন। বর্তমানে কেন্দ্রটি নিয়মিত চালু রয়েছে এবং প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এখান থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন। তাই সেবামূলক এই প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে ব্যক্তিস্বার্থ হাসিলের সুযোগ দেওয়া হবে না। তাই প্রতিষ্ঠানটি যেভাবে চলছে, সেভাবেই চালু রাখতে হবে। একটি সরকারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করবে, তা হতে পারে না।
জমির মালিকানা নিয়ে জেলা পরিষদ কোনো দাবি জানালে তা উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে উল্লেখ করে মো. শরীফুল আলম বলেন, হঠাৎ করে কেউ কোনো সরকারি সম্পত্তির মালিকানা দাবি করলেই তা গ্রহণ করা হবে না। তাঁর মূল লক্ষ্য হলো উপ-স্বাস্থ্য কেন্দ্রের খালি জায়গাটিকে কাজে লাগিয়ে স্থানীয়দের জন্য ডায়াবেটিস চিকিৎসার একটি উন্নত কেন্দ্র গড়ে তোলা। তিনি আরও যোগ করেন, জনগণের সেবার পথ বন্ধ করে কোনো ধরনের উন্নয়ন গ্রহণযোগ্য নয়। তারপরও জেলা পরিষদের পক্ষ থেকে ভূমির মালিকানা দাবি করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা পরিষদকে উচ্চপর্যায়ে আলোচনায় বসে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এতে এলাকার ডায়াবেটিস রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন।
বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের কল্যাণে এবং মানসম্মত সেবামূলক কার্যক্রম নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। একই দিন বিকেলে এলাকায় অন্য একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সন্ধ্যায় ভৈরব বাসস্ট্যান্ডে স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়ও অংশ নেন তিনি।

























