মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের
- আপডেট সময় : ০৩:২৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 0
মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর শ্রমিকেরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় অবস্থান নিলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। এদিন মহানগরীর কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া বাইপাস, সালনা ও বাঘের বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
কোনাবাড়ী ও জরুন এলাকায় এক শ্রমিক আহত হওয়ার ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মিছিল নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় পুলিশের সাথে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া নগরীর ডেগের চালা এলাকায় পুলিশের সাথে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাওজোর এলাকার শ্রমিকরা চান্দনা চৌরাস্তায় অবরোধের চেষ্টা করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের ফলে দুপুরের দিকে পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে আসে এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের আন্দোলন ও মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করেছে। উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার অন্তত ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের জেরে আগে থেকেই ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
শিল্প এলাকায় বারবার এমন শ্রমিক অসন্তোষ এবং কারখানা বন্ধের ঘটনায় পোশাক উৎপাদনের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। শ্রমিকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন এলাকায় মিছিল ও সড়ক অবরোধ অব্যাহত রাখলে যানচলাচলে ব্যাঘাত ঘটে। দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান নেওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সব মিলিয়ে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
























