সরকারি ক্রয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয় ব্যাচের পিপিএম প্রশিক্ষণ কার্যক্রম শুরু
- আপডেট সময় : ১১:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 3
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারত্ব বাড়াতে চার সপ্তাহব্যাপী বেসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট (পিপিএম) প্রশিক্ষণের দ্বিতীয় অনাবাসিক ব্যাচ শুরু করেছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ)।
গতকাল ১৫ আগস্ট ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) ক্যাম্পাসে শুরু হওয়া এ অনাবাসিক প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের ছয়জন নারীসহ মোট ৩৪ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ আগামী ৮ সেপ্টেম্বর শেষ হবে।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী।
অনুষ্ঠানে বিপিপিএর পরিচালক (প্রশিক্ষণ) শেখ মুহাম্মদ রেফাত আলী, পরিচালক ও জাতীয় পর্যায়ের প্রকিউরমেন্ট প্রশিক্ষক শাহ ইয়ামিন-উল ইসলাম এবং ইএসসিবি ও আইইবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএমইডি সচিব বলেন, সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি ক্রয় প্রক্রিয়ার কার্যকারিতা নিশ্চিত করতে এ ধরনের পেশাগত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্রয় প্রক্রিয়া ও ভূমি অধিগ্রহণে বিলম্বের কারণে অনেক সময় প্রকল্পের ব্যয় বেড়ে যায়। তাই সরকারি ক্রয়ে পেশাদারত্ব প্রতিষ্ঠা এবং নির্ধারিত সময়ে দক্ষতার সঙ্গে ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো জরুরি।
বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (পিএমআইপিএসডি) প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে বিপিপিএ ২২টি অনাবাসিক ও পাঁচটি আবাসিক চার সপ্তাহব্যাপী পিপিএম প্রশিক্ষণ কোর্স আয়োজনের পরিকল্পনা করেছে।
এ কর্মসূচির আওতায় প্রথম আবাসিক চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণ আগামী ২২ আগস্ট মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ বাংলাদেশ ক্যাম্পাসে শুরু হওয়ার কথা রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস



















