হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির
- আপডেট সময় : ১১:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 2
সৌদি আরবের অবকাঠামোয় হুথিদের হামলা পুরোপুরি বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ। ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োমের এক প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই সহায়তার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরান সফরের সময় হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে ওই অর্থ নিয়ে গিয়েছিলেন। তার এই আকস্মিক সফরের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানো। আলোচনায় ইরানের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা মহসেন রেজায়ি এবং আইআরজিসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের তেহরান সফর চলমান সংকট নিরসনের চেষ্টার অংশ। এই সফরে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে কাতার ও পাকিস্তানের নেওয়া উদ্যোগকে সমর্থন দিচ্ছে রিয়াদ।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের এই আলোচনার টেবিলে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনও অংশ নিয়েছিলেন। কূটনৈতিক স্তরে চলা এই আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ খোঁজা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

























