সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে বড় বিস্ফোরণ
- আপডেট সময় : ০৩:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / 212
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে হাইড্রোজেন পার-অক্সাইড রাসায়নিক থাকার কারণে এতো বড় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন।
তারা বলেন, ডিপোর কয়েকটি কন্টেইনারে অত্যন্ত দাহ্য এ রাসায়নিকটি ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণে সেখানে একাধিক বিস্ফোরণ ঘটে। যার ফলে, এতো বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম শহরের কাছে এ ডিপোতে শনিবার রাতে আগুনের সূত্রপাত ঘটে। এতে রোববার বিকেল পর্যন্ত অন্তত ৪৯ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও রয়েছেন।
আহত হয়েছে আরো কয়েক শ’ মানুষ। কর্মকর্তারা বলেন, কারো কারো শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের চিহ্নিত করা কঠিন। হাসপাতালগুলোতে আহত লোকজন উপচে পড়ছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরো অনেক বেড়ে যেতে পারে।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল রেজাউল করিম বলেন, ডিপোতে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। শুধু একটা বিস্ফোরণ ছিল না। কিছুক্ষণ পর পর থেকে থেকে বিস্ফোরণ হয়। আগুন যখন একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারে গিয়ে লাগছিল তখন একটা একটা করে বিস্ফোরণ হচ্ছিল।
বিডিসংবাদ/এএইচএস




















