গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন : নিহত বেড়ে ২
- আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / 134
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গাজীপুরের একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দু’জনে দাঁড়িয়েছে।
সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো একজন মারা যান।
নিহত ব্যক্তি কাভ্যার্ডভ্যান চালক পারভেজ (৩৩)। তিনি চাঁদপুরের বাসিন্দা। এছাড়া শুক্রবার ২৬ বছর বয়সী মিঠু নামের একব্যক্তি মারা যান।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, ৮৬ শতাংশ দগ্ধ পারভেজ সকাল সাড়ে ৬টার দিকে ঢামেক হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে ১৩ অক্টোবর সন্ধ্যায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস ভরতে গিয়ে একটি সিলিন্ডার বোঝাই ভ্যানে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে সাতজন আহত হন। তারা সবাই কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন।
আহতদের দ্রুত উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে (টিএমএমসিএইচ) নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর কয়েকজনকে ঢামেক পাঠানো হয়।
আহতদের কয়েকজন এখনো ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন আল আমিন (২৫), আনোয়ার (৩০) ও সিরাজুল ইসলাম (২৮)।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস


























