টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-তাসকিনের
- আপডেট সময় : ১১:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / 236
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রতি সপ্তাহের মতো যথারীতি বুধবার (৫ এপ্রিল) ক্রিকেটারদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তারা।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়েছিলেন তাসকিন আহমেদ। ৩ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। তার দারুণ বোলিংয়ের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন বোলারদের তালিকার ৩৬ নাম্বারে।
আর টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাসেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে। উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে, ২১ নম্বরে আছেন লিটন দাস। বাংলাদেশীদের মাঝে তিনিই সবার ওপরে। ২৫তম স্থানে আছেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে সাকিবেরও, ৬২তম স্থানে আছেন তিনি। দেশীয় ক্রিকেটারদের মাঝে তিনি চতুর্থ সেরা অবস্থানে। বল হাতে ২৭তম স্থানে থাকলেও সাকিব অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
বিডিসংবাদ/এএইচএস


























