চোরাই পথে গরু আসার অভিযোগ
- আপডেট সময় : ০৬:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / 138
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদের আগে ভারত ও মিয়ানমার থেকে অবৈধভাবে হাজার-হাজার গরু বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এতে দেশের খামারিরা ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএ)।
গতকাল শনিবার (১ জুন) রাজধানীর তোপখানা রোডের সিরড্যাপ মিলনায়তনে ‘কোরবানিতে চোরাইপথে গরু আসা বন্ধ, রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা ও গুড়া দুধের শুল্ক বাড়ানোর দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিডিএফএ-এর পক্ষ থেকে এই শঙ্কা প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিডিএফএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ২০১৪ সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখান থেকে বাংলাদেশে গরু আসা বন্ধ করে দেয়। চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে গবাদি পশুর লালন-পালন বেড়ে যায়। আর সেটাই বাংলাদেশকে এখন স্বয়ংসম্পূর্ণ করেছে। একদিকে কয়েক বছর ধরে গবাদি পশু আমদানি বন্ধ, অন্যদিকে কোরবানির ঈদে প্রতিবছর উদ্বৃত্ত থাকে ২০ লাখের বেশি পশু।
এবারও চাহিদার চেয়ে ২৩ লাখ বেশি পশু প্রস্তুত আছে। তবুও ঈদুল আজহা সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ঢুকছে গরু-মহিষ। কিছু সীমান্তে কড়া নজরদারি থাকলেও বেশ কয়েকটি এলাকা দিয়ে হাজার-হাজার পশু ঢুকছে। বিশেষ করে উখিয়া সীমান্ত দিয়ে।
তিনি বলেন, কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, আবার কখনো প্রশাসনের সঙ্গে যোগসাজশে আনা হচ্ছে গরু। চোরাই পথে আসা এসব পশু বিক্রি হচ্ছে প্রকাশ্যে, রীতিমতো সীমান্ত এলাকায় হাট বসিয়ে। কোরবানি উপলক্ষে ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না, সরকারের এমন ঘোষণায় আমরা আশায় বুক বেঁধেছিলাম।
কিন্তু সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকায় লোকসানের মুখে পড়তে হবে। এমন পরিস্থিতিতে সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠিন নজরদারির দাবি জানাই।
শিশুদের গুড়া দুধের শুল্ক শূন্যে নামিয়ে এনে বাল্ক ফিল্ড মিল্কের আমদানি শুল্ক বৃদ্ধি দাবি জানিয়েছে বিডিএফএ। এই প্রস্তাবের ব্যাখ্যা দিয়ে ইমরান হোসেন বলেন, দেশে বছরে এক কোটি ৫৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন দুধের প্রয়োজন। তবে উৎপাদন হচ্ছে ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টন। পুষ্টির চাহিদা দেশের দুগ্ধ খামারের মাধ্যমেই সম্ভব। বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও বেশ কিছু বাধার কারণে দুধের উৎপাদন বাড়ছে না। এসব বাধা দূর করলে দেশ দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। গুঁড়ো দুধ আমদানিতে কঠোরতা আরোপ করেলে দুই বছরের মধ্যে দেশ দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। আপাতত শিশুদের খাওয়ানো ফর্মুলা দুধের শুল্ক শূন্য করে দেওয়ার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের সরকারের পক্ষ থেকে সহায়তা করার দাবিও জানানো হয়। একই সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের গরুর চিকিৎসায় ৮-১০ হাজার টাকা দিতে হয় বলেও অভিযোগ করা হয়।
সাংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিডিএফএ-এর সাধারণ সম্পাদক শাহ এমরান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজীব উল্লাহ, আলী আজম রহমান শিবলী, অর্থ সম্পাদক জাফর আহমেদ পাটোয়ারী প্রমুখ।
বিডিসংবাদ/আতে























