অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের ব্যস্ততম রেলপথে হামলা
- আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
- / 140
আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েক ঘণ্টা পরই বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। তার আগেই প্যারিসের ব্যস্ততম রেলপথে হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাতে উচ্চ-গতির ট্রেন লাইনের একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে আজ শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধা ৭ টায় অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ট্রেন সেবা স্বাভাবিক হতে এক সপ্তাহ লেগে যেতে পারে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর এসএনসিএফ জানায়, দেশের পশ্চিম, উত্তর ও পূর্বাঞ্চলের সঙ্গে প্যারিসকে সংযোগকারী লাইনের আশপাশে থাকা স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা।
সংস্থাটি আরো জানায়, পুরো রেল ব্যবস্থায় মারাত্মক ক্ষতি হয়েছে। এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলা। পুরো রেল ব্যবস্থাকে পঙ্গু করে দিতেই এই হামলা।
তবে কারা কোন উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদেয়া-কাসতেরা এই ধ্বংসাত্মক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা আতঙ্কজনক। গেমসকে লক্ষ্যবস্তু বানানো মানে ফ্রান্সকেও লক্ষ্যবস্তু বানানো।’
বিডিসংবাদ/আতে





















