মধ্যসত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছে : ভূমি উপদেষ্টা
- আপডেট সময় : ১০:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / 281
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিষ্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যসত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে।
আজ তেজগাঁও ভূমি ভবনের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।
ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, আইন মন্ত্রণালয় হতে রেজিষ্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনা গেলে দুর্নীতি বহুলাংশে হ্রাস পাবে।
তিনি বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণে নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ভূমি সচিব সালেহ আহমেদ বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে।
বিডিসংবাদ/এএইচএস

























