ভারতে পাল্টা হামলা শুরু করল পাকিস্তান
- আপডেট সময় : ০২:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / 124
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পাল্টা জবাবে এবার পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে। এ অভিযানের আওতায় ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে পাকিস্তান।
শনিবার (১০ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
বিবিসি জানিয়েছে, শনিবার ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে।
এর আগে, ভারত ও পাকিস্তান উভয় দেশই দাবি করে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে।
এদিকে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
অপরদিকে পাকিস্তানের করাচির ফায়সাল হাইওয়েতে একাধিক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসির সংবাদদাতারা।
গুলিস্তাঁ-এ-জওহার এলাকার এক বাসিন্দা জুবেইর আশরাফ বিবিসিকে জানান, ভোরবেলা বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখতে পান তিনি।
বিস্ফোরণের পরেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই তাদের বাড়ির আলো নিভিয়ে দেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্র ও শনিবারের মাঝরাতে উত্তরের বারামুল্লা থেকে গুজরাতের ভুজ পর্যন্ত ২৬টি জায়গায় ড্রোন দেখা গিয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

























