আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস
- আপডেট সময় : ০১:০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 88
বিডিসংবাদ ডেস্কঃ
আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। বৈশ্বিক স্বাস্থ্যের মানোন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি যথাযথ গুরুত্বের সাথে পালিত হচ্ছে। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যখাতে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO) বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও জনসচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বিশ্ব স্বাস্থ্য দিবসের পটভূমি পর্যালোচনায় দেখা যায়, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় ১৯৪৬ সালের জুন ও জুলাই মাসে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাংগঠনিক আইন গৃহীত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল এই আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে। প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি ও তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশে দিবসটি উদযাপন উপলক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আজ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ‘সেবা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে। এই সময়ের মধ্যে তারা বিশেষ চিকিৎসা সেবার পাশাপাশি সাধারণ মানুষকে হৃদরোগ ও স্বাস্থ্য সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে। এরই অংশ হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি জনগুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সুস্থ ও সবল জাতি গঠনে বিজ্ঞানের সঠিক ব্যবহার এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকারই ফুটে উঠেছে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের আয়োজনে।


























