ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ
- আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 0
ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বর্তমানে পর্যালোচনা করছে সরকার। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এই পর্যালোচনার ফলাফল খুব শিগগিরই প্রকাশ করা হবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন পরবর্তী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারদলীয় অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সংসদের এই অধিবেশন সমাপ্ত হয়েছে।
চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির আওতায় বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচল এবং সংশ্লিষ্ট চুক্তি বাতিলের বিষয়ে জানতে চাওয়া হলে চিফ হুইপ জানান, ভারতের সঙ্গে করা সব চুক্তিই এখন পর্যালোচনার আওতায় রয়েছে। এর ফলাফল দ্রুতই জানানো হবে।
সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ জানান, নয় কার্যদিবস চলা এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। এছাড়া বিভিন্ন বিধিতে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যার মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর অধিবেশন বসার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এবং আগামী অধিবেশনও একইভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।
ব্যাংক রেজোল্যুশন আইনে ১৮(ক) ধারা যুক্ত করা এবং পরে সমালোচনার মুখে তা বাদ দিয়ে বিল পাসের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, বিষয়গুলোকে একসঙ্গে মিলিয়ে দেখা সমীচীন হবে না। তিনি আরও বলেন, দেশের আর্থিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই সরকার ওই উদ্যোগ নিয়েছিল। পরবর্তীতে কেউ আগ্রহ না দেখানোয় সেই ধারাটি বাতিল করা হয়েছে।
























