মানিকগঞ্জে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল ধ্বংস
- আপডেট সময় : ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 0
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে যমুনা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার ১০ অক্টোবর বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে তেওতা ও জাফরগঞ্জ এলাকা থেকে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। পরে আরিচা ঘাটের কাছে যমুনা নদীর পাড়ে প্রকাশ্যে এই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটিতে উপজেলা মৎস্য কার্যালয়ের পাশাপাশি থানা-পুলিশ, নৌপুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। সরকারি নির্দেশনার আলোকে মা ইলিশ সংরক্ষণে এ যৌথ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় যে, জাতীয় সম্পদ হিসেবে পরিচিত ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য কার্যালয় অত্যন্ত তৎপর রয়েছে।
শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে যারা যমুনায় জাল ফেলবেন কিংবা ইলিশ শিকার করবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশের ইলিশ সম্পদ রক্ষায় সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন।

























