দুবাই ভ্রমণে এমিরেটসের বোনাস মাইল পাওয়ার বিশেষ অফার
- আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 0
সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস তাদের লয়্যালটি প্রোগ্রাম ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’-এর আওতায় যাত্রীদের জন্য একটি আকর্ষণীয় বোনাস মাইল অফার চালু করেছে। এই নতুন কর্মসূচির আওতায় দুবাইয়ে অবস্থানের প্রতি মিনিটের জন্য যাত্রীরা একটি করে বোনাস মাইল পাবেন। একজন সদস্য এই ক্যাম্পেইনের মাধ্যমে সর্বোচ্চ ৭ হাজার ২০০ বোনাস মাইল পর্যন্ত অর্জন করতে পারবেন।
এই অফারটি ২১ অক্টোবর ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে এবং যোগ্য ফিরতি টিকিট বুক করতে হবে। ভ্রমণকারীদের অবশ্যই এমিরেটসের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনতে হবে। এমিরেটসের ভাষ্যমতে, টিকেটে থাকা আসা ও যাওয়ার নির্ধারিত সময়ের ওপর ভিত্তি করেই দুবাইয়ে অবস্থানের সময়কাল নির্ধারণ করা হবে। অফারটি এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ের নির্দিষ্ট ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।
মাইল অর্জনের হিসাব বেশ সহজ। একজন যাত্রী দুবাইয়ে ২৪ ঘণ্টা অবস্থান করলে ১ হাজার ৪৪০ বোনাস মাইল পাবেন। দুই দিন বা ৪৮ ঘণ্টা অবস্থানে মিলবে ২ হাজার ৮৮০ মাইল। আর পাঁচ দিন অবস্থান করলে সর্বোচ্চ ৭ হাজার ২০০ বোনাস মাইল অর্জন করা সম্ভব। তবে পাঁচ দিনের বেশি সময় অবস্থান করলেও বোনাসের পরিমাণ আর বাড়বে না।
এই বিশেষ সুবিধাটি পেতে হলে যাত্রীদের কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হলো, যাত্রার শুরু হতে হবে সংযুক্ত আরব আমিরাতের বাইরে থেকে এবং দুবাইয়ে অন্তত ২৪ ঘণ্টা বিরতি থাকতে হবে। একমুখী টিকিট, পুরস্কার মাইল দিয়ে কেনা টিকিট, অথবা সংযুক্ত আরব আমিরাত থেকে ইস্যু করা টিকিট এই অফারের আওতায় বিবেচিত হবে না। এছাড়া, স্কাইওয়ার্ডস অ্যাকাউন্টে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা হিসেবে নিবন্ধিত সদস্যরাও এই সুবিধা পাবেন না।
অর্জিত মাইল ব্যবহার করে যাত্রীরা এমিরেটসের পুরস্কার টিকিট সংগ্রহ কিংবা উড়োজাহাজের শ্রেণি উন্নীত (আপগ্রেড) করার সুযোগ পাবেন। তবে মাইল ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত আসনপ্রাপ্যতা, প্রয়োজনীয় মাইলের পরিমাণ এবং অতিরিক্ত চার্জ প্রযোজ্য থাকতে পারে। দুবাইয়ে যাত্রীদের যাত্রা ও অবস্থানকে আনন্দদায়ক করার লক্ষ্যেই এমিরেটস এই উদ্যোগ নিয়েছে। আগ্রহী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনার আগে টিকিটের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
























