দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০
- আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 0
ডেঙ্গুর প্রকোপ চরম আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। নতুন করে এই ১১ জনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
একই ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবর মাসেই ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে রোগীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় উদ্বেগ বাড়ছে জনমনে।

























