দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
- আপডেট সময় : ০৮:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 0
বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সালাহউদ্দিন নোমান চৌধুরী পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের একজন দক্ষ কূটনীতিক। ১৯৯৮ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। দায়িত্ব পালনকালে তিনি দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে, ২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম নতুন দায়িত্ব নিয়ে দিল্লি যাচ্ছেন। তিনি ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে যোগ দেবেন। এরই ধারাবাহিকতায় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন আসাদ আলম সিয়াম।























