নওগাঁয় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- আপডেট সময় : ০৯:১৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 7
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ভাটা দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটা দুটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী। অভিযানে মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয় এবং ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল সহযোগিতা করে। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিবেশ আইন লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশের ক্ষতি সাধন করে কোনোভাবেই ইটভাটা পরিচালনার সুযোগ নেই। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

























