গোপালগঞ্জে জনজীবনে এখনো আতঙ্ক, খুলছে দোকানপাট
- আপডেট সময় : ১১:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 6
ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোপালগঞ্জের জনজীবন। শুক্রবার সকাল ৮টা থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর অংশ হিসেবে লঞ্চঘাট, পুলিশ লাইন এবং এর আশপাশের এলাকায় কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। সড়কে সাধারণ মানুষ ও যানবাহনের উপস্থিতিও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।
তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শহরের বেশিরভাগ এলাকাতেই এখনো একধরনের সুনসান নীরবতা ও আতঙ্ক বিরাজ করছে। স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের উপস্থিতি এখনো অনেক কম। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকছেন। জনমনে রয়ে গেছে চাপা উদ্বেগ ও অনিশ্চয়তা।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, তারা নিয়মিত ডিউটি পালন করছেন এবং গোপালগঞ্জ সদরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের মতে, শহরের জনজীবন স্বাভাবিক গতি ফিরে পেতে আরও কিছু সময়ের প্রয়োজন।


























