অল্পের জন্য বেঁচে গেলেন মেসিরা
- আপডেট সময় : ১১:১৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 128
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
অল্পের জন্য রক্ষা পেলেন মেসিরা। একটু এদিক-সেদিক হলেই শিরোপা আনন্দ রূপ নিতে পারতো বিষাদে। বড়সড় দুর্ঘটনা থেকেই রক্ষা পেয়েছেন আর্জেন্টিনার একাধিক ফুটবলার।
শিরোপা নিয়ে দেশে ফেরার পর ছাদখোলা বাসে উদযাপনের সময় এমন ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার ভোরে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরে আর্জেন্টিনা দল। সেই সময় মেসিদের এক নজর দেখতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় জড়ো হন লাখ লাখ মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা করে এগিয়ে যেতে যেতে সমর্থকদের ভালোবাসার জবাব দিচ্ছিলেন মেসিরা।
এই সময় বাসের ছাদের উপরে বসে ছিলেন পাঁচ তারকা ফুটবলার। তারা হলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। কিন্তু আনন্দের আধিক্যে সাড়া দিতে দিতে গিয়ে সামনে কী আছে খেয়াল করার সুযোগ পাননি। হঠ্যাৎই সামনে এসে পড়ে গুটি কয়েক বৈদ্যুতিক তার।
তবে শেষ মুহূর্তে তারের অস্তিত্ব পেয়ে দ্রুত মাথা নামিয়ে নিজেদের রক্ষা করেন তারা। চারজন পুরোপুরি নিজেদের বাঁচিয়ে নিতে পারলেও পারেদেসের মাথায় হালকা চোট লাগে। যার ফলে তার মাথার ক্যাপটিও নিচে পড়ে যায়।
ঠিক সময়ে এসে মাথা না নামাতে পারলে ঘটতে পারত বড় বিপদ। ভারসাম্য হারিয়ে নিচে ছিটকে পড়ে যেতে পারতেন তারা। ফলে আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগতো মাত্র কয়েক মুহূর্ত।
বিডিসংবাদ/এএইচএস


























