করোনার কারণে বিএনপির কর্মসূচি স্থগিত
- আপডেট সময় : ০৯:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / 221
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণে ঢাকায় তিনজনের শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জরুরী বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করছে বিএনপি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠকে বসে। কমিটির সদস্যরা বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে দলের ‘করণীয়’ নির্ধারণ করছেন বলে জানা গেছে।
বৈঠকের ফাঁকে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, বৈঠকের সিদ্ধান্ত মঙ্গলবার সকাল ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে গণমাধ্যমকে জানাবেন।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামে যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিলো তা স্থগিত করা হয়েছে। সেলিমা রহমান এই সংগঠনের আহ্বায়ক।
গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় স্থায়ী কমিটির এই বৈঠক বসে, লন্ডন থেকে স্কাইপে যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন। বৈঠকে মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।


























