গরুর হাটে শিল্পীদের চাকরি: মিশা-ডিপজলের সাফাই
- আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
- / 138
আনন্দমেলা প্রতিবেদক
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের মুখ থেকে ‘শিল্পীদের গরুর হাটে চাকরি দিবেন ডিপজল’ এমন মন্তব্য ছড়িয়ে পরার ২৪ ঘণ্টার পর (আজ শুক্রবার বিকাল পৌনে ছটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত) কয়েকটি গণমাধ্যমে মিশা সওদাগরের বিব্রত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। অপরদিকে এমন মন্তব্য করেন নি দাবি করেছেন সম্প্রতি নিপুণের করা রিটে আদালত ‘সাধারণ সম্পাদক’ পদে স্থগিতাদেশ পাওয়া মনোয়ার ডিপজল। তিনি এ মন্তব্যের জন্য পরোক্ষভাবে মিশা সওদাগরের ওপর দায় চাপিয়েছেন।
ডিপজল বলেন,‘ এ কথা আমি কেন বলব। একজন শিল্পী হয়ে কি আমি এ কথা বলতে পারি? এসব কথা অবাস্তব ও অবান্তর।’
তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেন, ‘আমি খুবই মর্মাহত হয়েছি। যারা এ কথা বলেছেন এ দায় তাদের। তারা এ ধরণের চিন্তা করতে পারেন, আমি না।’
এদিকে শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া মিশার বক্তব্য- তার অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি।
এ বিষয়ে মিশা বলেন, ‘ঘরোয়া কথাও নিউজে আসতে পারে, কিন্তু তার আগে অবশ্যই অনুমতি নেয়া প্রয়োজন। এই নিয়ে আমি কিন্তু কোনো প্রেসকে কিছু বলিনি। নিউজ ছাপার আগে আমার সাথে কেউ কথাও বলেনি। এটা নিয়ে নিউজ করা অনেকটা সাইবার অপরাধ! আমি সাংবাদিক ভাইদের যেহেতু কিছুই বলিনি তারপরেও এটা নিয়ে তারা নিউজ করেছে, এমনটা তাদের থেকে আশা করিনি।’
মিশার সেই ঘরোয়া আড্ডার একটি ভিডিও ইতোমধ্যে একটি ইউটিউব চ্যানেলেও দেখা গেছে। চারদিন আগে পোস্ট করা সেই ভিডিওতে বেকার শিল্পীদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে দেখা যায় মিশাকে। শুধু সিনেমায় নয়, এসময় টেলিভিশন কিংবা ইউটিউব, ওটিটির জন্য নির্মিত নাটক ও সিরিজেও চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও পরিকল্পনা করতে শোনা যায় মিশাকে।
এসময় কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সাধারণ শিল্পীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিল্পী সমিতির এই সভাপতি। এই মুহূর্তে যেসব শিল্পীদের হাতে একেবারেই কাজ নেই, জীবিকা নির্বাহ নিয়ে সমস্যায় আছেন সেসব শিল্পীদের ইঙ্গিত করে এক পর্যায়ে মিশাকে ডিপজলের গাবতলীর গরুর হাটে কাজে লাগানোরও পরামর্শ দিতে দেখা যায়।
এরআগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গার্মেন্টস ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর শিল্পীদের গামেন্টেসে চাকরি দিবেন বলে ব্যাপক সমালোচিত হন।
বিডিসংবাদ/আতে


























