দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে ডেসকোতে কর্মসূচি
- আপডেট সময় : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 0
দেশের বিভিন্ন স্থানে চলমান অগ্নিসংযোগ, বাসে পেট্রোল বোমা হামলা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জিয়া পরিষদ ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), ডেসকো শাখা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডেসকোর প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধন ও সমাবেশে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ এবং শেখ হাসিনার দেশে ফেরার হুমকিকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়ানোর যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। তিনি বলেন, “যারা গণতন্ত্র ও বিচারব্যবস্থা ধ্বংস করে, ব্যাংক লুট করে এবং অগণিত নেতাকর্মীকে গুম-খুন করে বিদেশে পালিয়েছেন, তারা আর কখনোই ফিরতে পারবেন না। ফ্যাসিবাদী শাসন পতনের পর হেলিকপ্টারে করে ফিরে আসার এমন কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম জহির আলী। এছাড়া সমাবেশে বক্তব্য দেন এ্যাব ডেসকো শাখার সভাপতি ও জিয়া পরিষদ ডেসকো শাখার প্রধান উপদেষ্টা সাইদুর রহমান।
জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন। কর্মসূচি চলাকালীন জিয়া পরিষদ ও এ্যাব ডেসকো শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

























