পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ত্রিপুরা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পরিদর্শন করবেন
- আপডেট সময় : ০১:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / 113
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি ও এলাকা পরিদর্শন করবেন ।
তিনি আজ দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, যুগ্ম সচিব কঙ্কণ চাকমাসহ দপ্তরের সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নিয়ে বান্দরবান এলাকা পরিদর্শন করবেন।
এদিকে, মঙ্গলবার রাতে বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারী গুন্ডাদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রদীপ চাকমা।
তিনি পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক শাহ মোজাহিদ ও পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসারের সাথে টেলিফোনে কথোপকথনে এসব কথা বলেন।
পার্বত্য উপদেষ্টা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডারা জায়গা দখলের নামে এই জঘন্য হামলা চালিয়েছে।
এদিকে বান্দরবানের এ ঘটনার পর উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশকে পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসাথে সেখানে সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দিয়েছেন তিনি।
বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরও সহায়তা প্রদান করা হবে বলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসনকে নিশ্চিত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস























