পুজোয় জয়ার আগমনি
- আপডেট সময় : ০৭:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
- / 365
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ এবারের পুজোয় মুক্তি পাচ্ছে এ পার বাংলায় ‘এক যে ছিল রাজা’ এবং ও পার বাংলায় ‘দেবী’। দু’টি ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান।
কলকাতায় এক সাক্ষাৎকারে জয়া বললেন, ‘‘গত কয়েক বছর ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ দুর্গাপুজো উদ্যাপন করছেন। কলকাতার মতো এত বেশি সংখ্যায় না হলেও কয়েকটা পুজো খুব বড় করে হয়। যেমন বনানীর পুজো, ঢাকেশ্বরীর পুজো। ইদের মতোই দুর্গাপুজোতেও এখন তিন-চার দিন ধরে টিভিতে অনুষ্ঠান হয়।বাংলাদেশের নারায়ণগঞ্জ বয়ন শিল্পের প্রধান কেন্দ্র। ওখানে খুব বড় একটা পুজো হয়। ”
বাংলাদেশে প্যান্ডেল হপিংয়ের সুযোগ নেই জয়ার। তবে পুজো বলতেই তিনি ফিরে যান ছোটবেলার দিনগুলোয়। ‘‘আমাদের পারিবারিক বন্ধুর বাড়ির পুজোয় খুব মজা করতাম। দু’-তিন দিন ধরে হুল্লোড়। আর কখন লুচি-লাবড়া খাব, সেই অপেক্ষা করে থাকতাম।’’
পুরনো স্মৃতির উপর এক আকর্ষণ অনুভব করেন জয়া। ‘এক যে ছিল রাজা’র শুটিংও তাঁর কাছে টাইমমেশিনে চড়ে এক অভিনব জার্নি। ‘‘পিরিয়ড ড্রামা আমার খুব পছন্দের জঁর। ইতিহাস নিয়ে আমার খুব আগ্রহ। জানি না, কেন অ্যাকাউন্টস নিয়ে পড়লাম। কখনও মনে হয়, ভুল সময়ে জন্মেছি আমি। মা-বাবার ব্যবহার করা পারফিউমের শিশির তলানিটুকু পড়ে আছে। সেটাও আমি যত্ন করে রেখে দিয়েছি।’’


























