প্রথমার্ধ শেষে ইসমাইল সারের গোলে এগিয়ে সেনেগাল
- আপডেট সময় : ১০:৫৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / 135
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ইসমাইল সারের গোলে ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে রয়েছে সেনেগাল। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ম্যাচের বেশিরভাগ সময় বল ইকুয়েডরের দখলে থাকলেও আক্রমণে সবচেয়ে বেশিবার গিয়েছে সেনেগালই।
শেষ ষোলো নিশ্চিত করার জন্য আজ লড়াই করছে আফ্রিকার দেশ সেনেগাল ও লাতিন আমেরিকান দেশ ইকুয়েডর। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছে দল দুটি।
ম্যাচের শুরু থেকেই আজ ইকুয়েডরের ওপর চড়াও হয়েছে সেনেগাল। ম্যাচের ৩ মিনিটের মাথাতেই গোলের সুযোগ পেয়েছিল দলটি। ইসমাইল জ্যাকবস প্রেসিয়াদোকে কাটিয়ে বারের সামনে গিয়ে বল দেন ইদ্রিসা গুইয়েকে। কিন্তু ইদ্রিসার শটটি বারের পাশ দিয়ে চলে যায়।
৯ মিনিট সময়ে আবারো আক্রমণে যায় সেনেগাল। ইউসুফ সাবালির পা থেকে পেনাল্টি স্পটে বল রিসিভ করেন বৌলায়ে দিয়া। সেখান থেকে তিনি শট নিলে তার শটটিও বারের অনেকটা বাইরে দিয়ে যায়।
১২তম মিনিটে আবারো খুব কাছাকাছি এসে গোলের সুযোগ মিস করে দলটি। মাঠের ডানপ্রান্ত থেকে কাট ইনসাইড করে পারভিস ইস্তোপিয়ানকে কাটিয়ে গোলবার লক্ষ্য করে শট নেন ইলিমান এনদিয়ায়ে। এই শটটিও বারের পাশ দিয়ে বেরিয়ে যায়।
২৪ মিনিটে আবারো সেনেগালের আক্রমণ। ইকুয়েডরের রাইটব্যাক প্রিসিয়াডোকে হারিয়ে বল নিজের পায়ে রাখেন ইসমাইল সার। প্রিসিয়াডো তাল সামলে পড়ে গেলে মাঠের বাম দিক থেকে বল নিয়ে দৌড়ে যান তিনি। শরীর বাঁকিয়ে শটটি নিলেও শেষ পর্যন্ত বল বারের পাশ দিয়ে চলে যায়।
একের পর এক শটে বারবার কেঁপে উঠেছে ইকুয়েডরের রক্ষণভাগ। প্রথমার্ধেই ১০বার শট নিয়েছে সেনেগাল। যদিও শট অন টার্গেটে রাখতে পারছিলেন না সেনেগালের ফরোয়ার্ডরা।
কিন্তু তাদের ভাগ্য খুলে যায় ৪২ মিনিটের মাথায়। ডি বক্সের ভেতর ইসমাইল সারকে ফাউল করে বসেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো হিনক্যাপিয়ে। ফলে পেনাল্টি পায় সেনেগাল। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন সেনেগালিজ মিডফিল্ডার ইসমাইল সার। এই গোলের সুবাদে ১-০ তে এগিয়ে যায় পশ্চিম আফ্রিকার দলটি।
প্রথম ম্যাচে কাতারকে ২-০ গোলে হারালেও পরের ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ড্র করেছে ইকুয়েডর। বিপরীতে প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে কাতারকে হারিয়েছে সেনেগাল। ফলে ইকুয়েডরের পয়েন্ট ৪ এবং সেনেগালের পয়েন্ট ৩। দুটি ম্যাচ হেরে কাতারের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আজ নেদারল্যান্ডস, ইকুয়েডর কিংবা সেনেগালের যেকোনো একটি দল বাদ যাবে। ড্র করলেও ইকুয়েডরের ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু নক আউটে উঠতে সেনেগালের জয়ের বিকল্প নেই।
বিডিসংবাদ/এএইচএস


























