বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান
- আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / 135
অনলাইন ডেস্ক
২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাবিনা-সানজিদারা দেশে ফিরে ছাদখোলা বাসে চড়ে বীরোচিত সংবর্ধনা পেয়েছিল। সেই দৃশ্যের দুই বছর হতে যাচ্ছে। আর কয়েক মাস পর সপ্তম আসর হতে যাচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ১৭-৩০ অক্টোবরের চ্যাম্পিয়নশিপের ড্র ও গ্রুপিং আজ হয়ে গেলো। সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী পাকিস্তান।
ঢাকার পাঁচ তারকা হোটেলে ড্র অনুষ্ঠানে গ্রুপ ‘বি’ তে জায়গা হয়েছে পাঁচবারের রানার্সআপ নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের। গ্রুপে একে অন্যের সঙ্গে খেলবে সবাই। শীর্ষ দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। এরপর বিজয়ী দুই দল লড়বে ট্রফির জন্য।
বাংলাদেশের সামনে কাঠমান্ডুতে আবার ট্রফি ধরে রাখার মিশন। ইংলিশ কোচ পিটার বাটলার সেই লক্ষ্যে দলকে ঘষেমেজে তৈরি করছেন।
নারীদের ছাড়াও আজ সাফের দুটি বয়সভিত্তিক ছেলেদের টুর্নামেন্টের দলেরও ড্র হয়েছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ হবে ১৬-২৮ আগস্ট কাঠমান্ডুতে। গ্রুপ ‘এ’ তে আছে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্র্রীলঙ্কা। আর ‘বি’ তে জায়গা হয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটানের।
অন্যদিকে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ হবে ভুটানের থিম্পুতে ১৮-২৮ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে আছে ভারত, মালদ্বীপ ও বাংলাদেশ। ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে ‘বি’ গ্রুপে।
বিডিসংবাদ/আতে

























