বিশ্বকাপ দলে বিবেচিত হতে হজ বাধা হবে না : জালাল ইউনুস
- আপডেট সময় : ১০:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / 138
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আফগানিস্তান সিরিজে থাকছেন না মাহমুদউল্লাহ রিয়াদ, যাচ্ছেন হজ পালনে। ফলে বিশ্বকাপ দলে তার জায়গা নিয়ে সংশয়ে সমর্থকরা৷ তবে অভয় দিলেন জালাল ইউনুস। সবার জন্য হজ পালন ফরজ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন ‘হজ বিশ্বকাপ দলে বিবেচিত হতে বাধা হবে না।’
বাংলাদেশের হয়ে শেষ দুই সিরিজে খেলা হয়নি মাহমুদউল্লাহর। ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছিল, তবে কি এখানেই শেষ মাহমুদউল্লাহ অধ্যায়? বিসিবি ও টিম ম্যানেজমেন্ট বরাবরই পরিকল্পনায় আছে বলে আশারবাণী শোনালেও ক্রমশ কমছে সম্ভাবনা।
তবুও ধারণা করা হচ্ছিল আসন্ন আফগানিস্তান সিরিজে প্রত্যাবর্তন ঘটবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। তবে এবারো তা হচ্ছে না, পবিত্র হজ পালনের জন্য বিসিবি থেকে ছুটি নিয়েছেন মাহমুদউল্লাহ। তাকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
এই প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘রিয়াদ আমাদের কাছে আবেদন করেছে যে সে হজে যাচ্ছে। ২২ জুন থেকে জুলাই ৫ সে হজে থাকবে। হজের পর সে ক্যাম্পে যোগ দিবে। সে ওয়ানডেতে খেলতে পারবে না কারণ প্রথম ম্যাচটাই তো ৫ তারিখে।’
ফলে টানা তিনটি সিরিজ এড়িয়ে যাওয়ায় বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদউল্লাহর বিবেচিত হওয়া কঠিন হবে এই ধারণা যেন আরো শক্ত ভিত্তি পায়। তবে সব শঙ্কা উড়িয়ে দিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপের দল নির্বাচনের ব্যাপারে আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে না। দলে নির্বাচিত হবেন কি হবে না তা নির্বাচকরা জানেন। তবে নির্বাচনের জন্য বিবেচিত হওয়ার ক্ষেত্রে এটা বাধা হয়ে দাঁড়াবে না।’
এ সময় জালাল ইউনুস হজ পালনে উৎসাহিত করে বলেন, ‘আসলে দেখেন এটা খুবই স্পর্শকাতর বিষয়। পবিত্র হজ পালন করতে যাচ্ছে। আসলে এখানে সবাইকে বিবেবনায় রাখতে হবে। হজ পালন করা আমাদের সবার জন্য ফরজ। এখানে আমাদেরও সাপোর্ট দিতে হবে।’
বিডিসংবাদ/এএইচএস


























