মিরাজকে দিয়ে কেন বল করালেন সাকিব?
- আপডেট সময় : ০৮:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / 129
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ফলে অধিনায়ক হিসেবে ব্যর্থ সাকিব আল হাসান। ঠিক কোথায় ম্যাচ হারল বাংলাদেশ? কোথায় কোথায় ঘাটতি রয়েছে দলের? বিদায়বেলায় সে কথা জানিয়ে দিলেন সাকিব।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘কয়েকটা ওভারের জন্য ম্যাচটা হারলাম। ওদের আট উইকেট পড়ে গিয়েছিল। শেষ দু’ওভারে ২০ রানের বেশি দরকার ছিল। কিন্তু ওরা চার বল বাকি থাকতে জিতে গেল। এর থেকেই বোঝা যাচ্ছে ডেথ ওভারে আমরা ভালো বল করতে পারিনি।’
বাংলাদেশের হয়ে শেষ ওভারে বল করতে আসেন মেহেদি হাসান মিরাজ। তার আগে মাত্র এক ওভার বল করেছিলেন তিনি। পেসারদের ওভার শেষ করিয়ে দিয়ে স্পিনারকে ধরে রাখার কারণও জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমরা উইকেট তুলতে চাইছিলাম। পেসাররা ভালো বল করছিল। তাই ওদের আগে বল করিয়েছি। কিছু করার ছিল না।’
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও গত ছয় মাসে দল অনেকটা উন্নতি করেছে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘গত ছয় মাসে আমরা খুব একটা ভালো খেলছিলাম না। কিন্তু শেষ দু’টি ম্যাচে আমরা লড়াই করেছি। তার থেকেই বোঝা যাচ্ছে আমাদের উন্নতি হচ্ছে।’
অক্টোবরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। শাকিব বাংলাদেশের অধিনায়ক হওয়ার পরে বলেছিলেন, বিশ্বকাপই তার পাখির চোখ। সেখানে ভালো খেলার জন্য এখনো দলের অনেক উন্নতি প্রয়োজন বলে মনে করেন তিনি।
সাকিব বলেন, ‘বিশ্বকাপে অন্য রকমের চ্যালেঞ্জ। তবে তার জন্য আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।’
বিডিসংবাদ/এএইচএস

























