সাকিবকে নিয়ে সুসংবাদ দিলেন ডোনাল্ড
- আপডেট সময় : ১২:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / 197
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গুঞ্জন ছিল মিরপুর টেস্ট মিস করতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান। আবার শোনা গিয়েছিল শুধু ব্যাটসম্যান সাকিবকেই দেখা যাবে ভারতের বিপক্ষে এই টেস্টে। মূলত চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে চোটের ফলে সাকিবের পুরো সার্ভিস পায়নি দল। ফলেই এমন গুঞ্জন রটে ক্রিকেট মহলে। তবে আশার কথা, এই টেস্টে অলরাউন্ডার হিসেবেই খেলবেন সাকিব।
গতকাল থেকে অনুশীলনেই চনমনে দেখা গেছে বাংলাদেশ দলপতিকে। আজ ম্যাচ পূর্ববর্তী দিনের সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও তাকে নিয়ে দিলেন অভয়। তিনি জানান, ‘সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলাকালে হালকা চোট পেয়েছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে নির্বাচনের জন্য উন্মুক্ত এবং বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে।’
মূলত চট্টগ্রামে প্রথম ইনিংসে ১২ ওভার বল করেছিলেন সাকিব। তবে ব্যথার কারণে দ্বিতীয় ইনিংসে করেননি এক ওভারও। তবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩ রান করা সাকিব দ্বিতীয় ইনিংসে খেলেন ৮৪ রানের দারুণ এক ইনিংস। যদিও সেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সিরিজের সমতা ফেরাতে আগামীকাল মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টাইগাররা। ভারতের লক্ষ্য সিরিজ জয়।
এইদিন ডোনাল্ডের কাছে একাদশে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে, তিনি সেই প্রশ্ন নির্বাচকদের করতে বলন। তিনি বলেন, ‘এখানে কোনো নির্বাচক আছে? আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল এবং তাসকিন ফিরে এসেছে, সাথে খালেদ তো আছে। কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে।’
অতঃপর এলান ডোনাল্ড আবারো বলেন, ‘সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি এবং উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে।’
বিডিসংবাদ/এএইচএস


























