সিরাজগঞ্জে যমুনার তীরে ভক্তদের সূর্যবন্দনায় উদযাপিত ছটপূজা
- আপডেট সময় : ০১:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 6
সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সূর্যপূজা বা ছটপূজা। গত রোববার বিকেলে বিভিন্ন বয়সের পুণ্যার্থীরা নদী তীরে সমবেত হয়ে সূর্য দেবতার আরাধনায় অংশ নেন। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে পুরো এলাকা উৎসবের আমেজে ভরে ওঠে। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে শহরের যমুনা নদীর তীরে সমবেত হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
পূজার ধর্মীয় রীতি অনুযায়ী, ভক্তরা টানা ৩৬ ঘণ্টা কঠোর উপবাস পালন করেন। প্রথম দিন বিকেলে নদীর জলে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত সূর্য দেবতার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর সোমবার ভোরে সূর্যোদয়ের সময় আনুষ্ঠানিকভাবে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে পূজা সম্পন্ন হয়। রোববার দুপুর থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে পূজার ডালা সাজিয়ে পুণ্যার্থীরা যমুনার তীরে আসতে শুরু করেন। ঘাটে ফল, ফুল ও মিষ্টান্ন সাজিয়ে প্রতিটি ডালায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ভক্তরা দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন। ভক্তরা যাতে নির্বিঘ্নে অর্ঘ্য নিবেদন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রতন গুপ্ত জানান, অন্যান্য বছরের তুলনায় এবার যমুনার তীরে ছটপূজা অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে। ভক্তদের নির্বিঘ্নে পূজা করার জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এদিকে, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল সিং বলেন, সূর্যপূজাকে আরও আনন্দময় করে তুলতে এবার এলাকাভিত্তিক ভক্তদের একত্র করা হয়েছে এবং প্রত্যেকের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এই পূজার আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই ধর্মীয় উৎসব দেখার জন্য যমুনার তীরে ভিড় করেন। এ ধর্মীয় আয়োজন দেখতে দূরদূরান্ত থেকেও যমুনার তীরে ছুটে আসেন দর্শনার্থীরা।


























