২৪ ঘণ্টার মধ্যে পিআইবির পরিচালক প্রশাসনের পদত্যাগ চেয়ে আলটিমেটাম
- আপডেট সময় : ০৬:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / 178
নিজস্ব প্রতিবেদক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কর্মকর্তার অপসারণের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। সোমবার দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবির চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
পিআইবির মহাপরিচালকে অযোগ্য মন্তব্য করে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবি’র মহাপরিচালক পদে যোগদানের পর হতে আজ পর্যন্ত চার মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এই দীর্ঘ সময়ে পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) জাকির হোসেন দুর্নীতি ও অনিয়ম প্রতিষ্ঠা করেছেন। তাই পিআইবিকে রক্ষা করতে হলে সুবিধাভোগী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।
বিক্ষোভ সমাবেশে পিআইবির রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।
পিআইবির প্রশিক্ষক চলতি দায়িত্ব মোহাম্মদ শাহ আলম বলেন, যখন যে মহাপরিচালক আসে পরিচালক জাকির হোসেন তার সঙ্গে খাতির জমিয়ে নিজ স্বার্থ হাসিল করে। এমন দু-মুখো সাপকে পিআইবি হতে অপসারণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জাকির হোসেন নিয়ম বহির্ভূতভাবে গত ১৬ মে ২০২৩ উপ-পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন বলে দাবি করেন। একই দিনে তিনি পরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে যোগ দেন। যে কোনো পদোন্নতি সিলেকশন কমিটি এবং বোর্ড সভার মাধ্যমে অনুমোদন হয়ে থাকে। কিন্তু সিলেকশন কমিটি বা বোর্ড সভায় পদোন্নতির বিষয়টি আলোচনাই হয়নি। সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে মহাপরিচালককে ব্যবহার করে সে পদোন্নতি নিয়েছে। আমরা অবিলম্বে জাকির হোসেন এবং তার দোসরদের পদত্যাগ ও শাস্তি দাবি করছি।
পিআইবির হিসাব সহকারী মো. মিজানুর রহমান বলেন, পরিচালক জাকির ও তার অন্যতম দোসর সহকারী হিসাব রক্ষক আলী হোসেন আত্মলোভী। বিগত ১৬ বছর এই দুইজন দুর্নীতি লুটপাট এবং অনিয়মের মাধ্যমে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। এতো দিন ভয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তারা মহাপরিচালককে ব্যবহার করে সাধারণ কর্মচারীদের হয়রানি করতো। এই দুইজনের সকল অপকর্মের অন্যতম সহযোগী মহাপরিচালকের ভারপ্রাপ্ত পিএ খন্দকার পারভেজউজ্জমান। সে মহাপরিচালককে ব্যবহার করে নানা তদবির ও অনিয়মের সঙ্গে জড়িত। আমরা এদের বিচার চাই।
তিনি আরও বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারী ১০-১৫ বছর অস্থায়ীভাবে চাকরি করলেও জাকির হোসেনের কারণে কারও চাকরি স্থায়ী হয়নি।
সমাবেশে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান ও শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পঙ্কজ কর্মকার, নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞাসহ পিআইবির সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
বিডিসংবাদ/আতে


























