ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানের অব্যাহতি প্রত্যাহার
- আপডেট সময় : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
- / 313
অনলাইন ডেস্কঃ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমদের অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। এছাড়া রেজিস্ট্রার মো. শাহুল আফজালকে দীর্ঘ মেয়াদে ছুটিতে পাঠানো হয়েছে। রবিবার থেকে এ ছুটি কার্যকর হবে।
অন্যদিকে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত সহকারী রেজিস্ট্রার মো. মাহিউদ্দিন ও জেষ্ঠ্য কর্মকর্তা জাভেদ রাসেল পদত্যাগ করেছেন এবং তা উপাচার্য গ্রহণ করেছেন। নিরাপত্তার্কীদের হাতে ছাত্রীর লাঞ্ছিত হওয়ার অভিযোগটি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত কমিটি তদন্ত শুরু করেছে।
চুক্তিতে থাকা আইন বিভাগের শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে চাকরিচ্যুতির নোটিশের জের ধরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের এক সপ্তাহের মাথায় এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রশাসনের আশ্বাসে গত বৃহস্পতিবার রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও শুক্রবার রেজিস্ট্রারের অব্যাহতির দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, আইন বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ গত ৩০ জুলাই রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার পর থেকে রাজধানীর মহাখালিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছিল।

























