বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়নস লিগকে এগিয়ে রাখলেন টনি ক্রুস
- আপডেট সময় : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 165
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
প্রায় এক দশক ধরে জার্মানি এবং রিয়াল মাদ্রিদ এর মিডফিল্ডের কাণ্ডারী টনি ক্রুস। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন টনি ক্রুস। দলের অন্যতম সেরা পারফর্মার রিয়াল মাদ্রিদের হয়ে ৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
২০২১ সালে ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন টনি ক্রুস। ২০১০ সালের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক টুনার্মেন্টে ক্রুসকে ছাড়া মাঠে নামবে জার্মানি। রিয়াল মাদ্রিদের সাথেও এই মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তার। তার ইচ্ছা রিয়াল মাদ্রিদের ফুটবলার হয়ে ক্যারিয়ার শেষ করা, সেক্ষেত্রে চুক্তি নবায়ন না করলে এটাই ৩২ বছর বয়সী টনি ক্রুসের সর্বশেষ সিজন হতে পারে।
এক ইন্টারভিউয়ে ক্রুসকে চ্যাম্পিয়নস লিগ নাকি বিশ্বকাপ জয় কোনটিকে এগিয়ে রাখবেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অবশ্যই চ্যাম্পিয়নস লিগ জেতাকে এগিয়ে রাখব। এটি মোটেও কঠিন প্রশ্ন নয়।’
কেন চ্যাম্পিয়নস লিগ জয় ক্রুসের কাছে শ্রেষ্ঠ, এমনটা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতাকে এগিয়ে রাখবো শুধুমাত্র ধারাবাহিকতার কারণে। ৮ বছরের মধ্যে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতা অনেক বিশেষ কিছু, যার জন্য প্রয়োজন হয়েছে ধারাবাহিকতার।’
তাছাড়া গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ের যাত্রাকে অবিশ্বাস্য এক স্মৃতি আখ্যা দিয়ে ক্রুস বলেন, ‘আমি এখনো ব্যাখা করতে পারব না গত চ্যাম্পিয়নস লিগ আমরা কিভাবে জিতেছি। বার্নাব্যু আসলেই প্রতিপক্ষের জন্য ভয়ানক এক জায়গা। আমি কখনো এমন কিছু দেখিনি।’
বিডিসংবাদ/এএইচএস


























