নরসিংদীতে বাল্য-বিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনের যুগান্তকারী চুক্তি
- আপডেট সময় : ১০:৫১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
- / 250
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্দ্যোগে বাল্য-বিবাহ প্রতিরোধে ৮১টি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠাণের সমন্বয়ে এক যুগান্তকারী সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যাবতীয় তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে তাৎক্ষনিকভাবে অবহিতকরণসহ জেলাব্যাপী বাল্য-বিবাহ বন্ধ ও জনসচেতনা সৃষ্টিতে কাজ করবে। ১৯ মার্চ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা জেলা-ব্যাপী কর্মরত আছেন। আর এ কারণেই বিপুলসংখ্যক মানুষের একটি সম্মিলিত উদ্যোগে বাল্য-বিবাহ রোধে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আশাকরি এই উদ্যোগের ফলে অচিরেই নরসিংদী বাল্য-বিবাহমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীন, নরসিংদী চেম্বার-অব-কর্মার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র
(এনসিসিআই) সভাপতি আবদুল্লাহ-আল-মামুন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহারিয়ার ও সাধারণ সম্পাদক শফিকুল মোঃ মানিকসহ স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

























