মাদকমুক্ত সমাজ গড়তে নজরুলের দর্শনের ওপর জোর এস এম
- আপডেট সময় : ০৯:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 1
সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
অনুষ্ঠানে এস এম জিলানী বলেন, নজরুলের গান, কবিতা ও দর্শনের চর্চা তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে সক্ষম। তিনি আশা প্রকাশ করেন যে, নজরুল বর্ষের গণ্ডি পেরিয়ে আগামী বছরসহ সারা বছরই এই চর্চা চলমান থাকবে। বর্তমান সমাজে মাদকের যে ভয়ংকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে, তা থেকে মুক্তি পেতে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। নিয়মিত এ ধরনের কর্মকাণ্ডের চর্চা বাড়াতে পারলে শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় কোটালীপাড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও কলেজ পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কবিতা আবৃত্তি, নজরুলসংগীত, হামদ-নাত ও নৃত্যসহ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব প্রদর্শনকারী ৪৭ জন বিজয়ীর হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রেস্ট ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, কৃষি কর্মকর্তা দোলন রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি ও সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বলসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, সহসভাপতি ফায়েকউজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ ও যুবদলের সদস্যসচিব মান্নান শেখসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

























