মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার
- আপডেট সময় : ০৬:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 0
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহকে তলব করেছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে নিয়ে দণ্ড কার্যকরের বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম এই আলোচনায় অংশ নেন। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত নজরুল ইসলাম ও সুইটি আখতার নামের ওই দুই বাংলাদেশিকে শরিয়াহ আইনের আওতায় ‘তাআজির’ বা বিচারকের স্বেচ্ছাধীন শাস্তির বিধানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বুধবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই দণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছিল। পরে গালফ নিউজের এক খবরে বলা হয়, মক্কার একটি মসজিদে অনৈতিক ও অশালীন কাজের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ মিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দুই বাংলাদেশি মসজিদে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য যে, এই ঘটনার বিস্তারিত গণমাধ্যমে প্রকাশের আগ পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ ঢাকাকে আগে থেকে কোনো কিছু অবহিত করেনি। শামা ওবায়েদ আরও জানান, সৌদি সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি পর্যায়ে বিস্তারিত ঘটনার কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ার লক্ষ্যেই রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

























