মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- আপডেট সময় : ১০:৫৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / 0
মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে গত ছয় মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ছাড়িয়ে যায়। যদিও পরবর্তীতে তা কিছুটা কমে ১১৬ ডলারের উপরে অবস্থান করছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানে সংঘাত শুরুর আগের সময়টাতে ব্রেন্ট ক্রুডের দর ছিল ব্যারেলপ্রতি মাত্র ৭২ ডলারের কাছাকাছি। যদিও পরবর্তী সময়ে কিছুটা কমে ব্যারেলপ্রতি ১১৬ ডলারের ওপরে স্থির হয়।
বাজারে এই উত্তেজনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক সংঘাতের ঝুঁকিকে।
ইরান স্পষ্ট ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের ওপর নতুন কোনো হামলা চালায়, তবে তারা পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত তেল শোধনাগার, সাবমেরিন ক্যাবল, ডাটা সেন্টার ও বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে। এই হুমকির পর বিশ্ববাজারে দ্রুত তেলের দাম বাড়তে শুরু করে। বিশ্লেষকদের ধারণা, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেল আবিব ইরানের জ্বালানি অবকাঠামোয় নতুন করে সামরিক অভিযান চালাতে পারে, যা বিনিয়োগকারীদের মধ্যে গভীর আতঙ্ক তৈরি করেছে।
জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে ঝুঁকির বিষয়টি আরও ঘনীভূত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবের স্থাপনায় হামলা জোরদার করার কারণে। এছাড়া হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে অব্যাহত ঝুঁকি এবং আইআরজিসির সাম্প্রতিক হামলার ঘটনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

























