ইনিংসের শুরুতেই মাশরাফির আঘাত
- আপডেট সময় : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
- / 216
ইংল্যান্ডের ওপর শুরুতেই আঘাত হেনেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। ফলে বাংলাদেশের বিশাল স্কোরের সামনে প্রথমেই কিছুটা চাপে পড়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। ৪ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। মাশরাফির শিকার হয়ে ফিরে গেছেন জে রয়।
এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ওপেনার তামিম ইকবালের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করেছে বাংলাদেশ।
লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলীয় ৯৫ রানের মধ্যে ওপেনার সৌম্য সরকার ২৮ ও ইমরুল কায়েস ১৯ রানে করে ফিরলেও ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ১২টি চার ও ৩টি ছক্কায় ১৪২ বলে ১২৮ রান করেন তামিম।
তৃতীয় উইকেটে তামিমের সাথে ১৬৬ রানের জুটি গড়েন মুশফিকুর। ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৭৯ রান করেন তিনি। তার ৭২ বলের ইনিংসে ৮টি চার ছিলো।
৪৫তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে দলীয় ২৬১ রানেই বিদায় নেন তামিম ও মুশফিকুর। তাদের বিদায়ের পর বাংলাদেশের স্কোরটাকে ৬ উইকেটে ৩০৫ রানে নিয়ে গেছেন পরের দিকের ব্যাটসম্যানরা।
সাকিব আল হাসান ১০ রান করে ফিরলেও সাব্বির রহমান ১৫ বলে ২৪ রান করেন। মাহমুদল্লাহ ৬ ও মোসাদ্দেক ২ রান করে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট ৫৯ রানে ৪ উইকেট নেন।























