শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 2
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে ‘বাংলাদেশী সাংস্কৃতিক জোট’ বরিশাল শাখার উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে কবিতা পাঠ ও আলোচনার মাধ্যমে শেরেবাংলার রাজনৈতিক কর্মজীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, কবি আবদুল হাই শিকদার। জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আয়োজকদের লক্ষ্য ছিল শেরেবাংলার সাহিত্য ও সংস্কৃতির অবদান নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করা।
সম্মেলনে ‘শেরেবাংলা স্মৃতিপদক ২০২৬’-এর জন্য গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোসলেম উদ্দিন শিকদারকে মনোনীত করা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলা এই সম্মেলন স্থানীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
























