গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে
- আপডেট সময় : ০১:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 0
বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অতীতে কুইক রেন্টালের নামে যে লুটপাট হয়েছে, তা থেকে সরে এসে সাশ্রয়ী পদ্ধতিতে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে বর্তমান সরকার। বিগত সরকারগুলোর আমদানিনির্ভর নীতির কারণে জ্বালানি খাতে যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার সচেষ্ট। বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ২০২৫-২৬ অর্থবছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি এবং জ্বালানি তেল কিনতে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বর্তমান সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় সংকট মোকাবিলা করতে হচ্ছে।
সৌরবিদ্যুৎ প্রসারে সরকার আইনি ও অর্থনৈতিক সহায়তা জোরদার করেছে। বিশেষ করে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ প্রণয়ন করা হয়েছে এবং সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো সরঞ্জামের আমদানিতে কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া এই খাতের অর্থায়ন সহজ করার লক্ষ্যে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কারখানা ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে হবে। তিনি ঘোষণা দেন, নিজের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে সরকার। তিনি নিজে তার বাসভবনে সৌর প্যানেল স্থাপন করেছেন এবং সেখান থেকে উৎপাদিত বাড়তি বিদ্যুৎ গ্রিডে যুক্ত করছেন বলেও উল্লেখ করেন।
তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক উদ্ভাবন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। কোনো ভালো উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সেজন্য চলতি বাজেটে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এক্সপোতে তিন শতাধিক তরুণ নতুন উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেছেন, যা আশাব্যঞ্জক। এক্সপোতে ৩০০-র বেশি তরুণ-তরুণী নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করায় তাদের সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্ঞান ও উদ্ভাবনী ধারণার প্রতিযোগিতা দেশজুড়ে ছড়িয়ে পড়ুক।
কৃষি খাতে বিদ্যুৎ খরচ কমানোর অংশ হিসেবে পর্যায়ক্রমে সব সেচ পাম্প সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি হিমাগার ও গ্রামীণ ক্ষুদ্র শিল্পে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সৌরবিদ্যুৎ খাতে বর্তমানে যুক্ত ৮ হাজারের বেশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে কেবল সংযোগ দিয়েই দায়িত্ব শেষ না করে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে উদ্যোক্তাদের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন সহযোগী এবং প্রবাসী বাংলাদেশিদের এই সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী দিনের বেলা বিদ্যুতের অপচয় রোধে পাখা ও বাতি বন্ধ রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে সূর্যের আলোকে দেশের সম্পদে পরিণত করি।’

























