চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা
- আপডেট সময় : ০৫:১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 1
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার প্রতিবন্ধী ও অস্বচ্ছল মেধাবী ১০০ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন সহজ করতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের বিশেষ উদ্যোগে প্রতিটি শিক্ষার্থীর জন্য ১০ হাজার টাকা করে অর্থ বরাদ্দ দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে এই সহায়তা বিতরণ সম্পন্ন হয়। তার পক্ষ থেকে জেলা ছাত্রদলের সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগ শিক্ষার্থীদের হাতে পে-অর্ডার চেক তুলে দেন। এই অর্থ সরাসরি শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ এবং নারী নেত্রী নাসিম আক্তার, খাদিজা আক্তার, জান্নাত ও সাদিয়া আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতারা এ সময় বলেন, আর্থিক সংকটের কারণে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বাধাগ্রস্ত হওয়া কাম্য নয়। এই সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে কোনো শিক্ষার্থীই অর্থের অভাবে ঝরে না পড়ে।























