২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি
- আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 0
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং নীতিনির্ধারণী পরামর্শ গ্রহণের লক্ষ্যে চলতি মাসেই উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সাবেক সেনা কর্মকর্তা, আমলা, প্রকৌশলী ও আইনজীবীদের মতো বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিত্বরা অন্তর্ভুক্ত থাকছেন। সম্ভাব্য সদস্যদের তালিকায় রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান, সাংবাদিক মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
রাজনীতিতে গুণগত পরিবর্তনের বার্তা নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। বর্তমানে দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পালন করছেন। এর আগে এনসিপি বিভিন্ন পেশাজীবীদের নিয়ে আলাদা ফোরাম গঠন করলেও, দল ঘোষণার পর এই প্রথম তারা উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু করল।

























