রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
- আপডেট সময় : ০২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 0
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে গত বুধবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে (ইউসেন্স) পণ্য আমদানির সুবিধা পাবেন। অর্থাৎ, পণ্য দেশে আসার পর আমদানিকারকরা ৯০ দিনের মধ্যে আমদানিমূল্য পরিশোধ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বাজারে পণ্যের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, রমজানে মানুষের ওপর দ্রব্যমূল্যের বাড়তি চাপ তৈরি হোক—এটি বাংলাদেশ ব্যাংক চায় না। মূলত সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখতেই ব্যবসায়ীদের আগেভাগে পণ্য আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে। আমদানিকারকরা পর্যাপ্ত পণ্য আমদানি করতে পারলে বাজারে কোনো ঘাটতি থাকবে না, যা মূল্য নিয়ন্ত্রণে সহায়ক হবে। সাধারণ মানুষ যেন তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যেই সার্কুলারটি জারি করা হয়েছে।
নতুন এই নির্দেশনার আওতায় মোট ১০টি পণ্য আমদানিতে ব্যবসায়ীরা বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের সুযোগ পাবেন। পণ্যগুলোর তালিকায় রয়েছে চাল, গম, আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আমদানিকারকদের পণ্য খালাসের সময় পুরো অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে না, বরং ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের এই সুবিধা ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট এফইপিডি-১ সার্কুলার নম্বর-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে কিছু নির্দিষ্ট পণ্য বিলম্বিত মূল্যে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমান সার্কুলারের মাধ্যমে রমজানকে সামনে রেখে সেই আমদানিনীতি আরও সম্প্রসারণ করা হলো। আরিফ হোসেন খান আরও জোর দিয়ে বলেন, আমদানিকারকরা যদি এখন থেকেই পণ্য আমদানির কার্যক্রম শুরু করেন, তবে রমজানজুড়ে বাজারে পণ্যের সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রাখা সম্ভব হবে।
























