ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই: আইনমন্ত্রী আসাদুজ্জামান
- আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 0
অতীতের ফ্যাসিবাদ বা স্বৈরাচারী শক্তির কোনো জায়গা বাংলাদেশের রাজনীতি কিংবা সন্ত্রাসের পথে নেই বলে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বোমা হামলা চালিয়ে বা ভয়ভীতি প্রদর্শন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। যারা মনে করছেন মানুষকে ভয় দেখিয়ে অপরাধী বা পলাতকদের পুনর্বাসনের পথ সুগম করবেন, তাদের সেই চেষ্টা সফল হবে না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেবে না বা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
আইনমন্ত্রী আরও বলেন, সরকার সব ধরণের অপশক্তির বিরুদ্ধে মাঠে আছে।
যারা ইতিমধ্যে বোমা হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে এবং এ সংক্রান্ত তথ্য ও প্রমাণ সরকারের হাতে রয়েছে। সন্ত্রাসীরা কারা এবং তারা কী উদ্দেশ্যে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশবাসী স্পষ্টভাবে বুঝতে পারছে। বর্তমান সরকার গত নয় মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে এবং এই সময়ে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের মতো ঘটনার পথে সরকার হাঁটেনি। পুলিশি কার্যক্রমেও মিথ্যা মামলা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় সংস্কারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। যারা বোমা মারছেন ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা-কিভাবে জড়িত, সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি।
তিনি আরও বলেন, রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়, তবে সরকারের কাজে কোনো নেতিবাচক বিষয় থাকলে তা সামনে আনার সুযোগ রয়েছে। বর্তমান সরকার দেশ ও জনগণের সেবায় অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, ওভারনাইট যদি মনে করেন যে—আমরা সব চেঞ্জ করে ফেলতে পারব, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনোরকম কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।

























